স্ট্রোক, মৃত্যু, প্রাবাসী
স্ট্রোক করে দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু। নয়া দিগন্ত

মালদ্বীপে এক দিনের ব্যবধানে ঘুমের মধ্যে স্ট্রোক করে দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

মৃতদের মধ্যে একজন আব্দুল গাফফার (৪২) দিনাজপুরের বিরামপুর উপজেলার কেত্রাহাট এলাকায় বাসিন্দা মো: আবু বক্কর মন্ডলের ছেলে। 

মৃত গাফফারের কাছের আত্মীয় মো: আল আমিন মুঠো ফোনে জানান, গত ৬ অক্টোবর মালদ্বীপে পৌঁছে রাতে সকলের সাথে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি।

তিনি জানান, পরেরদিন ৭ অক্টোবর সকাল ৬টার দিকে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে,পরে পুলিশ এসে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরিবারের পক্ষ থেকে মৃত আব্দুল গাফফারের লাশ দ্রুত দেশে ফিরিয়ে নিতে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন ও সরকারের সহযোগিতাও কামনা করেন।

এদিকে, একইভাবে ঘুমের মধ্যে স্ট্রোক করে মৃত্যু হয়েছে সোশান্ত চন্দ্র কোচ (৩০)। তিনি টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া গ্রামের সতীশ চন্দ্র কোচের ছেলে।

সহকর্মী এনামুল জানান, প্রায় এক বছর আগে মালদ্বীপে আসেন সোশান্ত। তিনি দেশটির কুলহুডুফুশি আইল্যান্ডে একটি নির্মাণ প্রতিষ্ঠানে বৈধভাবে কর্মরত ছিলেন।

তিনি জানান, প্রতিদিনের মতো গত ৭ অক্টোবর রাতেও খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সোশান্ত। রাতের কোনো একসময় ঘুমের মধ্যে তার চিৎকার শুনে সহকর্মীরা ছুটে আসেন। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হলে ৮ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে।

দুই প্রবাসীর মৃত্যুর বিষয়ে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আব্দুল গাফফার ও সোশান্ত চন্দ্র কোচের মৃত্যুর বিষয়টি তারা অবগত রয়েছে। মরহুমদের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন হাইকমিশন।

হাইকমিশন আরো জানিয়েছেন, দুই প্রবাসীর লাশ দেশে পাঠানোর লক্ষ্যে পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন।