ট্রেলার প্রকাশের পরই বলিউডের ইসলামবিরোধী সিনেমা নিষিদ্ধের দাবি

‘ট্রেলারে প্রকাশিত ঘৃণার বার্তা ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী এবং এটি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত।’

নয়া দিগন্ত অনলাইন
সিনেমাটির পোস্টার
সিনেমাটির পোস্টার |সংগৃহীত

সম্প্রতি বলিউডে প্রকাশিত একটি সিনেমার ট্রেলার ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কিত এই সিনেমার নাম ‘উদয়পুর ফাইলস’, যেটি ২০২২ সালে ভারতের রাজস্থানের উদয়পুর শহরে দর্জি কানহাইয়া লালের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত।

ছবিটির ট্রেলারে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ট্রেলারে এমন কিছু চরিত্র দেখানো হয়েছে, যারা ইসলাম, ইসলামী বিশ্বাস, মসজিদ এবং মুসলিম ঐতিহাসিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এ ছাড়াও পাকিস্তানবিরোধী বার্তা এবং মুসলমানদের ‘সন্ত্রাসী’রূপে উপস্থাপনাও এতে রয়েছে।

‘উদয়পুর ফাইলস’ পরিচালনা করেছেন ভরত এস. শ্রীনেট এবং প্রযোজনায় আছেন বিজেপি-ঘনিষ্ঠ অমিত জানি। প্রেজেন্ট করছে জানি ফায়ারফক্স ফিল্মস, ডিস্ট্রিবিউশনে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ১১ জুলাই ২০২৫।

ট্রেলার প্রকাশের পরপরই ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন, সুশীল সমাজ ও অনলাইন অ্যাক্টিভিস্টরা একযোগে এই সিনেমাকে ‘ইসলামবিরোধী ঘৃণার প্রচার’ হিসেবে আখ্যা দিয়ে এর মুক্তি নিষিদ্ধ করার দাবি তুলেছেন।

সমালোচকদের মতে, সিনেমাটি কোনোভাবেই কেবল একটি অপরাধ পুনর্নির্মাণ নয়; বরং এটি একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ উসকে দেয়ার পরিকল্পিত প্রচেষ্টা।

ভারতের মুসলিম নেতৃবৃন্দ ও মানবাধিকারকর্মীরা বলছেন, এই ধরনের সিনেমা দেশব্যাপী সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং সমাজে বিভাজন আরো বাড়িয়ে দিতে পারে।

তাদের দাবি, ট্রেলারে প্রকাশিত ঘৃণার বার্তা ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী এবং এটি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত।

সূত্র : ডেইলি জংগ ও অন্যান্য