নিয়োগ নিয়ে হেফাজতে ইসলামসহ বিভিন্ন মহলের প্রশ্ন ও সমালোচনার বিষয়ে ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ বাড়িয়ে ভুল বোঝাবুঝি দূর করার কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
রোববার (২৩ আগস্ট) দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীন দফতর-সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিয়োগ নিয়ে হেফাজতে ইসলামের নেতাদের প্রশ্ন তোলা প্রসঙ্গে শামীম কায়সার বলেন, কোনো নিয়োগ নিয়ে সবার একই মত থাকবে, এমনটি নয়। পছন্দ-অপছন্দ থাকতেই পারে।
তিনি বলেন, ‘আমি গতকালও আমাদের জামিয়া মাদানিয়া বারিধারা গিয়েছি, মুহতারাম মুনির কাসেমী হাফিজাহুল্লাহর সাথে এবং জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ।’
ওলামায়ে কেরামের সাথে নিয়মিত যোগাযোগ থাকলে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করা সম্ভব হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ওলামায়ে কেরাম, ওলামা-মাশায়েখ, হাফিজাহুল্লাহদের সাথে যোগাযোগ ও কথাবার্তা যত বেশি হবে, ইনশাল্লাহ যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো নিরসন হয়ে যাবে।’
কিছু তথ্য খণ্ডিতভাবে পৌঁছালে একই বিষয় ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, কোনো বিষয়ে সরাসরি ও পরিষ্কারভাবে তথ্য না গেলে ছিন্নভিন্ন তথ্যের ভিত্তিতে ভিন্ন ব্যাখ্যা তৈরি হতে পারে।
তিনি বলেন, ‘সেরকম কোনো অস্পষ্টতা যদি থাকে, যেমন গতকালও যখন আমি বসেছি, উনাদের কিছু প্রশ্ন ছিল। আমি বিশ্বাস করি, তাদের প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর দিতে পেরেছি এবং তারাও আমাকে স্বাগত জানিয়েছেন।’
ওলামায়ে কেরামের সাথে আরো যোগাযোগ করার কথা জানিয়ে শামীম কায়সার বলেন, দেশের বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ রাখা জরুরি। পাশাপাশি অন্যান্য ধর্মের নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছেও যাওয়াকে নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছেও যাওয়াটা আমার দায়িত্ব।’
তিনি আরো বলেন, ‘আমার সবার কাছেই যাওয়া উচিত। হয়তো আরো আগে গেলে ভালো হতো। তাহলে যেসব ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো দূর হয়ে যেত। ইনশাল্লাহ আমি সবার কাছেই যাব এবং কথা বললে আশা করি ওই ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে।’
নিয়োগ নিয়ে কারো ব্যক্তিগত প্রশ্ন বা সংশয় থাকলে আলোচনার মাধ্যমে তা পরিষ্কার করা সম্ভব বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। সূত্র : ইউএনবি



