শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বগুড়ার শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে দু’টি স্কুল বাস বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে বাস দু’টি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শিক্ষার পরিবেশ আরো সহজ ও সুন্দর করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা দেশের অর্থনীতিকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল। সেই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। দেশের সব সঙ্কট উত্তরণে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করছে।’
জিপিএ-৫ পাওয়া মাহফুজ পেল কৃত্রিম পা
বাস বিতরণ অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন থেকে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাহফুজের সাথে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জানা যায়, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক দুর্ঘটনায় একটি পা হারায় মাহফুজ। শারীরিক প্রতিবন্ধকতা তার পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায়নি। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সে মেধা ও দৃঢ়তার পরিচয় দিয়েছে।
সাক্ষাৎকালে মাহফুজের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন প্রতিমন্ত্রী। তার শারীরিক কষ্টের বিষয়টি জানতে পেরে নিজের তহবিল থেকে মাহফুজের জন্য একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি মাহফুজের পড়াশোনার সব খরচ বহনের দায়িত্ব নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



