সিএমপিতে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৬৩ জন বিদেশী আটক

‘আটককৃতদের সিএমপি শুটিং ইউনিটের দ্বিতীয় তলায় রাখা হয়েছে এবং জব্দকৃত আলামত পুলিশি হেফাজতে রয়েছে। তদন্তের স্বার্থে চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিট এখনো জব্দকৃত সামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। আটককৃতদের মধ্যে ৬২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে বাকি একজন শিশু হওয়ায় তার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’

নিজস্ব প্রতিবেদক
অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৬৩ জন বিদেশী আটক
অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৬৩ জন বিদেশী আটক |সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে অবৈধ ক্যাসিনো কার্যকলাপ, অনলাইন জুয়া এবং প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জন বিদেশী নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জালালাবাদের পশ্চিম খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা রোডের একটি নির্মাণাধীন সাত তলা আবাসিক ভবন থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের বিভিন্ন জব্দকৃত সামগ্রীসহ সিএমপি সদরদফতরে আনা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের সিএমপি শুটিং ইউনিটের দ্বিতীয় তলায় রাখা হয়েছে এবং জব্দকৃত আলামত পুলিশি হেফাজতে রয়েছে। তদন্তের স্বার্থে চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিট এখনো জব্দকৃত সামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। আটককৃতদের মধ্যে ৬২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে বাকি একজন শিশু হওয়ায় তার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

অভিযানকালে পুলিশ শিশুটি ও তার মায়ের পাসপোর্ট জব্দ করতে সক্ষম হলেও বাকি ৬১ জনের পাসপোর্ট উদ্ধার করতে পারেনি। আটককৃত বিদেশী নাগরিকদের নিজ নিজ দূতাবাসের সাথে যোগাযোগের প্রক্রিয়া চলছে। এছাড়া, মামলার রহস্য উদ্ঘাটনে ঢাকা থেকে আসা পুলিশের ল’ফুল ইন্টারসেপশন সেল (এলআইসি) চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিটের সাথে সমন্বয় করে তাদের জিজ্ঞাসাবাদ করবে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বিকেলে সিএমপি মিডিয়া সেলে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ফয়সাল মাহমুদের উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।