
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠকে বসেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা। আলোচনায় ইরানের পক্ষ থেকেও প্রতিনিধি রয়েছেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে বলেছে, ‘এ অঞ্চলে যাতে আবারো সামরিক উত্তেজনা না ছড়ায়, সে জন্য আলোচনার পথ খুলে দেয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। একই সঙ্গে সঙ্কটের অবসান এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি চুক্তিতে পৌঁছানোর পথ তৈরি করাও আমাদের লক্ষ্য।’
তেহরানের এই বৈঠকে অংশ নিচ্ছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। ইরানের পক্ষে আলোচনায় রয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি।
গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য করা হবে।
গত মাসে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হাউছিরা সৌদি আরবে হামলা জোরদার করার পর এই প্রথম জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা ইরানের সঙ্গে বৈঠকে বসেছেন। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরো ছড়িয়ে পড়া ঠেকাতে এই আলোচনা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








