মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের লিঙ্গি এলাকায় সহকর্মীদের সাথে বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গির একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নেগেরি সেম্বিলানের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ এক বাংলাদেশী পুরুষকে গ্রেফতার করে। তবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ওই বাড়ি থেকে দুইজনকে উদ্ধার করা হয়—যাদের মধ্যে একজনের মৃত্যু হয় এবং অন্যজনকে গুরুতর অবস্থায় রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে পাশের লাডাং সুয়া মাঙ্গিস এলাকায় অভিযান চালিয়ে আরো দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও অভিযুক্তরা একই বাড়িতে বসবাস করতেন এবং একইসাথে কাজ করতেন। ঘটনার মূল কারণ ও বিবরণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তকে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের জন্য পাঠানো হয়েছে।



