
চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন (৬০) নামের এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এর আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে কারাগার থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত আনোয়ার চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মরহুম আমিরুল ইসলামের ছেলে।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উচ্চ রক্তচাপ (এইচটিএন) ও হৃদরোগে (আইএইচডি) আক্রান্ত আনোয়ার গত শনিবার থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম (এসিএস), ডায়াবেটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা ও উচ্চ রক্তচাপের কথা উল্লেখ করা হয়েছে।
কারাগার সূত্র জানায়, পেনাল কোডের ৩২৪ ধারার একটি মামলায় আদালত আনোয়ার হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দেন। ওই মামলায় গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন।
কারাগারের বিধি অনুযায়ী, সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর তার লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার গোলাম দস্তগীরকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








