
নরসিংদীর মাধবদীতে রনি প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ মো: জামাল (৩৮) মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অন্য পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক।
বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো: হারুনুর রশিদ বিপুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। পাশাপাশি তার শ্বাসনালিতে আঘাতের (ইনহেলেশন ইনজুরি) আশঙ্কাও ছিল। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
চিকিৎসক আরো জানান, এ ঘটনায় হাসপাতালে ভর্তি অন্য পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








