প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি : শিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্যান্য সব শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় |নয়া দিগন্ত

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্যান্য সব শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে, চলতি বছরের ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে, ভর্তি পরীক্ষা নেয়া হবে।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ভর্তি চালু করা হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা কার্যকর হয়। তবে সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়া হতো।