বেতন-বোনাস দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। প্রায় সোয়া ২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Location :

Bhaluka
বেতন-বোনাস দাবিতে ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা
বেতন-বোনাস দাবিতে ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা |নয়া দিগন্ত

ময়মনসিংহ অফিস ও ভালুকা সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। প্রায় সোয়া ২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা এখনও পরিশোধ করা হয়নি। গত ১০ মার্চ এসব পাওনা দেয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করছেন।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, ঈদ সামনে থাকলেও তারা এখনও বেতন-বোনাস পাননি। কখন পরিশোধ করা হবে সে বিষয়েও কারখানা কর্তৃপক্ষ স্পষ্ট কোনো আশ্বাস দেয়নি। এর আগেও আন্দোলনের মাধ্যমে তাদের বকেয়া বেতন আদায় করতে হয়েছে বলেও দাবি করেন তারা।

অবরোধের কারণে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভালুকা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।