ফ্রান্সের বিক্ষোভ মিছিল
ফ্রান্সের বিক্ষোভ মিছিল। সংগৃহীত ছবি

ফ্রান্সজুড়ে স্কুলগুলোর পরিস্থিতির অবনতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যেই দ্বিতীয় দফায় ব্যাপক বিক্ষোভ মিছিল করেছেন কয়েক লাখ মানুষ।

Advertisement

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) সারাদেশে চার লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। এদের মধ্যে রাজধানী প্যারিসেই ছিলেন এক লাখ ১০ হাজার। 

তবে ফ্রান্সের অন্যতম বৃহত্তম শ্রমিক ইউনিয়ন কনফেডারেশন (সিজিটি)-এর দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ।

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে প্যারিসের ‘পোর্ত দ’ইতালি’ থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি ‘বুলভার দে মারেশো’ হয়ে ‘পোর্ত দে ভিনসেন’ এলাকায় গিয়ে পৌঁছায়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশবাদী, নার্স ও শ্রমিক ইউনিয়নগুলোর প্রতিনিধিরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগের দাবি জানান। 

বিক্ষোভের কারণে প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ২৪টি মেট্রোস্টেশন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। 

শনিবার সারাদেশ থেকে প্রায় এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভের কারণে সারাদেশে ৭০ হাজারেরও বেশি পুলিশ ও জেন্ডার্ম (সামরিক মর্যাদাসম্পন্ন পুলিশ সদস্য) মোতায়েন করা হয়েছিল।

সূত্র : আল জাজিরা