নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বি-ব্রাদার্স গ্রুপ নামে একটি রফতানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে সড়কের উভয়পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
শ্রমিকরা জানান, কারখানাটিতে দুই হাজারের অধিক কর্মচারী কাজ করেন। তারা গত বছরের ডিসেম্বর, এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। মালিকপক্ষ কয়েকদিন ধরে আশ্বাস দিয়ে তালবাহানা করছেন। প্রতিবাদকারী শ্রমিকদের আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরোধ চলছিল।
শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতার বৈঠক করেন। শ্রমিকরা সড়কে আটকে পড়া যাত্রীদের কথা বিবেচনা করে দুপুর ২টায় অবরোধ তুলে নেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।



