
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী মোহাম্মদ সুমন আলী (৪৫) ও তার ছেলে মোহাম্মদ ফাহিম (২২) আহত হয়েছেন। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ফলপট্টিতে এ ঘটনা ঘটে।
আহত সুমন আলী বিক্রমপুরের রাজাবাড়ি দিঘিরপাড় এলাকার বাসিন্দা হোসেন আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে রাজধানীর বসিলা ৪০ ফুট গার্ডেন সিটি এলাকায় থাকেন।
হাসপাতালে সুমন আলীর ছেলে মোহাম্মদ ফাহিম জানান, রাতে তিনি তাদের কাঁচামালের দোকানে বসা ছিলেন। এ সময় মুখ ও মাথায় মাস্ক, রুমাল ও ক্যাপ পরা ছয়জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ফাহিম নিজেকে বাঁচাতে দৌড় দিলে হামলাকারীরা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে সুমন আলী দৌড়ে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন এবং হামলাকারীদের একজনকে জাপটে ধরেন। এ সময় দুর্বৃত্তরা সুমন আলীর বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায়।
ফাহিমের অভিযোগ, হামলাকারীরা সাজ্জাদ গ্রুপের সদস্য। তাদের মধ্যে মুন্না (২৬), রাব্বি (২৬) ও মনির হোসেন নামে কয়েকজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন।
ফাহিম জানান, গত মাসে ফরহাদ নামে এক ব্যক্তি খুন হন। ফরহাদ তার মামা ছিলেন। ওই হত্যাকাণ্ডের সাথে পূর্বশত্রুতার সম্পর্ক থাকতে পারে বলে তাদের ধারণা।
ফাহিমের দাবি, মামা হত্যার পর তার বাবা গণমাধ্যমের সামনে কথা বলেছিলেন। সেই শত্রুতার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে আহত দুইজন বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








