
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) ও ইয়াসিন (২৬)।
পুলিশ জানায়, ঘটনার রাতেই জিএমপির সদর মেট্রো থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সিসি ক্যামেরার ফুটেজে হামলার সময় তাদের উপস্থিতি পাওয়া গেছে।
ফারুক হোসেন জানান, ফাঁড়িতে হামলা এবং মাদকসহ দুজনকে আটকের ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। হামলায় আহত এটিএসআই নুরুল ইসলাম মামলা দু’টি করেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, ‘হামলার মামলায় রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকসহ আটক আনিছ (১৮) ও শিমলাকে (২২) হামলা ও মাদক উভয় মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ আসামিদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের ঢাকার আদালতে হাজির করা হবে।’
আনিছ ময়মনসিংহের গফরগাঁওয়ের হারেছ মিয়ার ছেলে। শিমলা আক্তার গাজীপুর সদর থানার ২৯ নম্বর ওয়ার্ডের চা বাগান বাঁশতলা এলাকার সেলিম মিয়ার মেয়ে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করে দায়িত্বরত রেলওয়ে পুলিশ। পরে তাদের ফাঁড়িতে নিয়ে আসা হয়। দু’জনকে আটকের খবর পেয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায় এবং আটক দু’জনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
বাধা দিলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। তারা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








