চৌদ্দগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন
পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন |নয়া দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় একজন আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের বাতিসা ও চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের আবদুর রহিমের ছেলে মোটরসাইকেল চালক আবদুর রহমান (২২) ও পৌর এলাকার চাটিতলার বাসিন্দা আবুল হাশেম (৭০)। আহত ট্রাকচালক বসন্তপুর গ্রামের আবদুস সোবহান।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দিঘির দক্ষিণ পাড় এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রলিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আবদুর রহমান ও ট্রলিচালক সোবহান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত সোবহান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সকালে মহাসড়কের চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন চট্টগ্রামমুখী লেন পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় পথচারী আবুল হাশেম নিহত হন। তিনি ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে বিয়ে করে দীর্ঘদিন পৌরসভার চাটিতলা গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আল রায়হান পাটোয়ারী জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়।

ওসি রুহুল আমিন জানান, লাশ মিয়াবাজার হাইওয়ে থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।