জামায়াতে ইসলামী
নাজিরপুরে ট্রলারডুবির দুর্ঘটনায় জামায়াতের শোক। নয়া দিগন্ত

পিরোজপুরের নাজিরপুরে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালীগঙ্গা নদীতে সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে মর্মান্তিক ট্রলার দুর্ঘটনায় মা ও মেয়ের হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ পিরোজপুর জেলা শাখার আমির (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের শংকর বেপারী তার স্ত্রী রিনা বেপারী (৩৫) ও ৮ বছরের শিশুকন্যা অর্পিতা বেপারীকে নিয়ে খেয়া পারাপারের সময় ট্রলারটি ডুবে যায়। 

পরবর্তীতে প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় শিশু অর্পিতা বেপারীর লাশ উদ্ধার হলেও তার মা রিনা বেপারী এখনো নিখোঁজ রয়েছেন। এই আকস্মিক দুর্ঘটনায় সনাতন ধর্মাবলম্বী পরিবারটির যে অপূরণীয় ক্ষতি হলো, তাতে আমরা গভীরভাবে ব্যথিত ও শোকাহত।

নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান সৃষ্টিকর্তার কাছে তাদের বিয়োগব্যথা সহ্য করার শক্তি প্রার্থনা করেন। একই সাথে নিখোঁজ মাকে দ্রুত উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতি জোর আহ্বান জানান।