
গাজীপুরের কাপাসিয়ায় ৫০ জন অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মো: সালাহউদ্দিন আইয়ুবীর উদ্যোগে তুরস্কের একটি মানবিক সহায়তা সংস্থার অর্থায়নে মঙ্গলবার বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার ১১টি ইউনিয়নের উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মো: সালাহউদ্দিন আইয়ুবী।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তুরস্কের ‘জেনচ উফুক ইনসানি ইয়ারদিম দেরনেগি’-র চেয়ারম্যান আলী সেনেল।
সালাহউদ্দিন আইয়ুবীর উদ্যোগে তুরস্কের জেনচ উফুক ইনসানি ইয়ারদিম দেরনেগির অর্থায়নে এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ‘কারো কাছে হুইলচেয়ার শুধু চলাচলের বাহন, আবার কারো কাছে এটি নতুন করে বাঁচার স্বপ্ন, স্বনির্ভরতার সাহস ও জীবনে এগিয়ে যাওয়ার আশার আলো। ছোট্ট একটি উদ্যোগও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।’
তিনি বলেন, ‘এমন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের স্বপ্ন ও সম্ভাবনাই হবে এগিয়ে যাওয়ার শক্তি।’ এ মানবিক কার্যক্রমে সহযোগিতার জন্য তিনি দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও তুরস্কের সংশ্লিষ্ট সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ উদ্যোগ উপকারভোগীদের চলাচল সহজ করার পাশাপাশি তাদের স্বনির্ভরতা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








