সিলেটে আরো ৪ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৭০

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুইজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
পরিচালক (স্বাস্থ্য)-এর দফতর সিলেট
পরিচালক (স্বাস্থ্য)-এর দফতর সিলেট |সংগৃহীত

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো চার ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ জনে। এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুইজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৭০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫২, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ১২০ এবং মৌলভীবাজারে ২৮ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১১ জন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চার, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে তিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুইজন ভর্তি রয়েছেন।

চলতি মৌসুমে সর্বশেষ ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা কৃষ্ণ দাস (৪৫) ডেঙ্গুতে মারা যান। এর আগে ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়।