চট্টগ্রামে ট্রলারডুবিতে নিখোঁজ হাতিয়ার ২ জেলের লাশ উদ্ধার
লাশ উদ্ধার হওয়া দুই জেলে। ফাইল ছবি

চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে নোয়াখালীর হাতিয়ার একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ হওয়া দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। 

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে চট্টগ্রামের আকমল আলী ঘাট এলাকার কর্ণফুলী নদী থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন। 

এর আগে রোববার দিবাগত রাত ৪টার দিকে একটি কার্গো জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারটি ডুবে তারা নিখোঁজ হয়েছিলেন।

নিহত দুই জেলে হলেন নোয়াখালীর হাতিয়ার মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরীফ উদ্দিন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রাম থেকে ফেরার পথে একটি কার্গো জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারটি চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে কামাল উদ্দীনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিন নিখোঁজ ছিলেন।

পরে মঙ্গলবার ভোরে আকমল আলী ঘাট এলাকায় নদী থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলম বলেন, সকালে স্থানীয়দের সহযোগিতায় কর্ণফুলী নদী থেকে ওই দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।