
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিঅনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের বিজয় মঞ্চে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস।
বক্তারা বলেন, যুবদল বিএনপির অন্যতম প্রধান সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় যুবদল দেশের অন্যতম শক্তিশালী যুব সংগঠনে পরিণত হয়েছে।
তাঁরা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন, অনেকে জীবনও উৎসর্গ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলে তাঁরা উল্লেখ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সাথে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এদিকে কর্মসূচিতে অংশ নিতে দুপুর থেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরে আসতে শুরু করেন। সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবু, পৌরসভা যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং সাবেক ছাত্রদল নেতা রনি সারোয়ারের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়। বর্ণিল ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








