
সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রমজান আলী (৫৫) নামের এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরা ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইল জেলার হিংগানগর গ্রামের বসির উদ্দিনের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লতিফ আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট দিনাজপুর থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ।
অভিযানকালে ‘নাবিল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিলসহ বাসচালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে আটক করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত চালক রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় সুপারভাইজার রিফাতুল ইসলামকে বেকসুর খালাস দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








