রামগড়ে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) মো: আনোয়ার সাদাত। নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে ‘নজরুল বর্ষ’ ২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার সাদাত।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, তাঁর সৃষ্টি ও সংস্কৃতি দেশের প্রতিটি প্রান্তে ব্যাপকভাবে উদযাপন করতে হবে, অন্যথায় নতুন প্রজন্ম জাতীয় কবিকে ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি শিক্ষার্থীদের কবির কবিতা, ছড়া, গান, ছন্দ, নাটক ও গল্প বেশি বেশি পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ বি এম মোজাম্মেল হক, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাওলানা হারুনুর রশীদ।

উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিতা চাকমা, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, রামগড় জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রহমত উল্লাহ, উপজেলা প্রকৌশলী নাঈমুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তা হ্যাপি চাকমা, প্রধান শিক্ষক রমজান হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।