লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জ্বালানি তেল সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলার বিভিন্ন বাজারে পেট্রোল ও অকটেন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
অভিযোগ রয়েছে, উপজেলার করুনানগর বাজারসহ বিভিন্ন স্থানে প্রতি লিটার অকটেন প্রায় ২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত দামের কারণে মোটরসাইকেল চালক ও যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ডিবিসি নিউজের সাংবাদিক সুমন উদ্দিন শুভ’র ওপর হামলার চেষ্টা ও তার ক্যামেরা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।
জানা যায়, দোকানদার ও বাইকারদের সাথে কথা বলার এক পর্যায়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহির উদ্দিন বাবর ঘটনাস্থলে এসে সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করছে। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা জহির উদ্দিন বাবরের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ‘এবিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



