লৌহজংয়ে ভোক্তা অধিদফতরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নাগেরহাট এলাকার প্রীতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের চিত্র পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত লৌহজং উপজেলার কনকসার বাজার ও নাগেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ নয়া দিগন্তকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে কনকসার বাজারের বিসমিল্লাহ বাণিজ্যালয় মনিটরিং করে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শান্ত মোড়লকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নাগেরহাট এলাকার প্রীতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের চিত্র পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল। কর্মীদের হাত ধোয়ার জন্যও কোনো সাবানের ব্যবস্থা রাখা হয়নি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: নাজমুল হাসান ও লৌহজং থানা পুলিশের একটি টিম।