নারিন্দায় হামলায় আহত ব্যক্তি জবির মন্দিরের পুরোহিত নন

কেন্দ্রীয় মন্দির-সংশ্লিষ্টরা জানান, বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়ে তারা গুজব নয়, সত্য তথ্য প্রচারের অনুরোধ জানিয়েছে।

নুর আলম, জবি সংবাদদাতা

রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় সুভাষ দেউরী নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্দির-সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রুপ কুমার সরকার বলেন, সুভাষ দেউরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের নিয়োগপ্রাপ্ত পুরোহিত নন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও নন। এছাড়া হামলার ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়, পুরান ঢাকার নারিন্দা এলাকায় ঘটেছে।

কেন্দ্রীয় মন্দির-সংশ্লিষ্টরা জানান, বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়ে তারা গুজব নয়, সত্য তথ্য প্রচারের অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, সোমবার (২৯ জুন) গভীর রাতে নারিন্দা এলাকায় সুভাষ দেউরী নামে এক ব্যক্তি দুর্বৃত্তের হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে জানা গেছে।