সালাহর গোলে মিসরের জয়

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ পর্বের ম্যাচে গত পরশু নির্ধারিত সময় শেষে চলছিল যোগ করা সময়ের প্রথম মিনিটের খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তখন ১-১ গোলে সমতায় মিসর। ঠিক এ সময় পেনাল্টি এলাকায় ছিটকে যাওয়া বল দখলে নিলেন মোহাম্মদ সালাহ। সাথে লেগে থাকা প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন মিসরীয় এই ফরোয়ার্ড। আর এই গোলের সুবাদেই তিন পয়েন্ট নিশ্চিত হয় সাতবারের চ্যাম্পিয়নদের। জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পায় মিসর। গ্রুপ ‘বি’র ম্যাচে আগামীকাল আগাদিরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মিসর। আর মারাকেশে জিম্বাবুয়ে প্রতিপক্ষ অ্যাঙ্গোলা।

নেশন্স কাপে এদিন গ্রুপ ‘এ’তে মালির সাথে ১-১ গোলে ড্র করেছে জাম্বিয়া। এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে কমরোসকে ২-০তে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কাতার বিশ্বকাপে চমক জাগানিয়া মরক্কো। ‘বি’ গ্রুপে অ্যাঙ্গোলাকে ২-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে মিসর। ক্লাব ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে দুর্বিষহ সময় কাটিয়ে আফ্রিকান নেশন্স কাপে মিসরের জার্সিতে প্রথম ম্যাচেই উজ্জ্বল পারফরম্যান্স সালাহর। খুব কঠিন সময় পার করে জাতীয় দলে যোগ দিয়েই নিজেকে মেলে ধরলেন তিনি। এ নিয়ে জাতীয় দলের হয়ে ১০৮ ম্যাচে ৬২ গোল হলো সালাহর।