
কোকেন সেবনের দায়ে এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার মারকুটে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিস লিন। পাশাপাশি তিনি মাদকাসক্তি নিরাময় কর্মসূচিও সম্পন্ন করেছেন বলে শুক্রবার জানিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
বিগ ব্যাশ লিগের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক লিন গত ১৮ জুলাই ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্ট ফাইনালস ডে চলাকালে নিয়মিত ডোপ পরীক্ষায় পজিটিভ হন।
সে সময় তিনি নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছিলেন। তবে নিষেধাজ্ঞার বিষয়টি শুক্রবার প্রকাশ করে ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, নর্দাম্পটনশায়ার স্টিলব্যাকসের সাবেক ক্রিকেটার ক্রিস লিনকে এক মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। নিষেধাজ্ঞার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।
৩৬ বছর বয়সী লিনের নমুনায় কোকেনের বিপাকজাত উপাদান বেনজয়লেকগোনিনের স্বল্পমাত্রার উপস্থিতি পাওয়া যায়। তিনি অভিযোগ স্বীকারও করেছেন।
পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করায় তার নিষেধাজ্ঞার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থা একমত হয় যে, তিনি প্রতিযোগিতার বাইরে কোকেন সেবন করেছেন এবং এর সাথে ম্যাচ প্রভাবিত করার কোনো সম্পর্ক ছিল না।
অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে খেলেছেন লিন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী মাসে শুরু হতে যাওয়া বিগ ব্যাশ লিগের এবারের আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে পারেন তিনি। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








