সাংবাদিক-পুলিশ পেটানোর হুমকি, মেলান্দহে ছাত্রদল কর্মী আটক 
পুলিশে হাতে আটক ছাত্রদল কর্মী আজমাইন হোসেন লাঞ্জু। নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে সাংবাদিক, পুলিশ-প্রশাসনকে পেটানোর হুমকি দেয়ার অভিযোগে মো: আজমাইন হোসেন লাঞ্জু (২২) নামের এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আজমাইন হোসেন উপজেলার নয়ানগর ইউনিয়নের পূর্ব মালঞ্চ এলাকার সুজা মিয়ার ছেলে। তিনি মেলান্দহ উপজেলা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে তাকে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের মারধরের হুমকি দিতে শোনা যায়। অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ওই মিয়া, রানিং ক্ষমতায় বিএনপি। দু-চারটা সাংবাদিক, দু-চারটা পুলিশ ও প্রশাসন যদি পিটা পিটি না করতে পারি ছাত্রদল হয়ে, তাহলে কি হলো, কন? চলেন, জুয়েল ভাই যদি বলে, তাহলে সেই লেভেলের সাংবাদিকদের পিটুনি দেই। পরে এমপি সাহেবের সাথে কথা বলে চালান দিমু।’

এছাড়া মেসেঞ্জারে পাঠানো তার হুমকিসংবলিত কয়েকটি স্ক্রিনশটও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্ক্রিনশটগুলোতে তাকে এক সাংবাদিককে ‘ধান্দাবাজ সাংবাদিক’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার কথা বলতে দেখা যায়।

অন্য একটি বার্তায় ওই সাংবাদিককে মেলান্দহ উপজেলা বিএনপির কার্যালয়ে নিয়ে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়ার কথা লেখা রয়েছে। আরেকটি বার্তায় লেখা হয়, ‘আজকের প্রোগ্রামে সাংবাদিক আসলে পার্টি অফিসের ভিতরে তুলে সেই মারতে হবে ভাই। জুয়েল ভাই যদি বলে, তাহলে শুরু করব কাজ।’

খোঁজ নিয়ে জানা যায়, ‘মেলান্দহ উপজেলা ছাত্রদলের একটি মেসেঞ্জার গ্রুপে অডিও রেকর্ডটি পাঠানো হয়েছিল। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আজমাইন হোসেনকে আটক করে। তবে কী কারণে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে এমন হুমকি দিয়েছেন, তা জানা যায়নি।’

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের পেটানোর হুমকি দেয়ার ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।’