
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরো দুই আসামি এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য আরো ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক এসব অভিযানে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এসআই মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল ও আশাবাড়ীর মধ্যবর্তী এলাকায় অভিযান চালায়।
এ সময় রেজাউল মিয়ার বাড়ির উত্তর পাশে একটি ব্রিজের ওপর থেকে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শশীদল ইউনিয়নের আশাবাড়ী এলাকার শফিউল আলম (২০), শশীদল পশ্চিমপাড়ার সালাউদ্দিন হোসেন সাগর (২২) এবং আনন্দপুরের উত্তর তেতাভূমি এলাকার আক্তার হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়।
এদিকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৃথক অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো: শহিদ সরকার এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলামকে (৩৬) গ্রেফতার করে পুলিশ।
এ ছাড়া একই দিনে পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আরো ১১ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক এসব অভিযানে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা মাদক ও অটোরিকশা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে।








