বাংলাদেশ নারী হকি, এশিয়ান গেমস, বাংলাদেশ বনাম কাজাখস্তান
আইরিন রিয়া ও লোবানোভা ভিক্টোরিয়া। সংগৃহীত

শুরুতে এগিয়ে গিয়েও তিন গোল হজম করে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছিল বাংলাদেশ। তবে হার মানেনি লাল-সবুজের মেয়েরা। দুর্দান্ত প্রত্যাবর্তনে দুই গোল শোধ করে শেষ পর্যন্ত কাজাখস্তানের সাথে ৩-৩ গোলের ড্র নিয়ে এশিয়ান গেমসে নিজেদের প্রথম পয়েন্টের দেখা পেল বাংলাদেশ নারী হকি দল।

শুক্রবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শুরুটা ছিল বাংলাদেশের পক্ষে। ম্যাচের মাত্র ১ মিনিট ১১ সেকেন্ডে গোল করেন আইরিন রিয়া। প্রথম কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে কাজাখস্তান। ২১তম মিনিটে গোল করে সমতা ফেরান লোবানোভা ভিক্টোরিয়া। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরো শক্তভাবে নিজেদের হাতে নেয় কাজাখরা।

৩২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে আরও চাপে ফেলে দেন লোবানোভা। এর মাত্র তিন মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে তখন বড় হারের শঙ্কায় বাংলাদেশ।

কিন্তু সেখান থেকেই বদলে যায় ম্যাচের চিত্র। ৪০তম মিনিটে কনা আক্তার গোল করে ব্যবধান কমান। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই অর্পিতা পাল গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান।

শেষদিকে দুই দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা করলেও আর কেউ জালের দেখা পায়নি। ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ। তিন গোল হজম করেও ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ।

এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের যাত্রা অবশ্য কঠিনভাবেই শুরু হয়েছিল। অভিষেক ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-১ এবং তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারে তারা।

কাজাখস্তানের বিপক্ষে ড্রয়ে চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। তিন ম্যাচে তিন জয়ে পুল ‘এ’-এর শীর্ষে রয়েছে চীন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ রোববার, প্রতিপক্ষ চাইনিজ তাইপে।