
ভারতের ঝাড়খণ্ডের গুমলায় স্ত্রীদের হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, ওই দুই নারীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া-বিবাদ ছিল, যা নিয়ে ক্ষুব্ধ ছিলেন তাদের স্বামীরা।
গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা জানান, অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর সাহু এবং তার ভাই নবীন সাহু গত সোমবার তাদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারীকে (২০) হত্যা করেন। এরপর তারা অ্যাম্বুলেন্সে করে লাশগুলো পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে রাখেন।
পুলিশ জানিয়েছে, ওই দুই নারীর মধ্যকার বিবাদ নিয়ে দুই ভাই বিরক্ত ছিলেন। তবে হত্যাকাণ্ডের দু’দিন আগেই ওই নারীরা নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলেছিলেন।
পুলিশ সুপার জামা বার্তাসংস্থা পিটিআই-কে বলেন, ‘মঙ্গলবার দুই ভাই প্রথমে পুলিশকে জানিয়েছিলেন যে, তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে চলে গেছেন। তবে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তারা অপরাধের কথা স্বীকার করেন।’
জিজ্ঞাসাবাদের সূত্র ধরে লাশগুলোর সন্ধান পাওয়া যায় এবং মাটি খুঁড়ে সেগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ সুপার জানান, সোমবার সকাল ৯টার দিকে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা তাদের সাথে কথা বলেছিলেন। তখন সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল।
হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল এবং লাশ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার করা হয়েছে।
সূত্র : এনডিটিভি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









