কংগ্রেস নেতা রাহুল গান্ধী
কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংগৃহীত ছবি
ads

গাজায় ইসরাইলের চালানো গণহত্যামূলক যুদ্ধ ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও দেশটির সাথে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ভারতের জাতীয় ও কৌশলগত স্বার্থ বিবেচনায় ইসরাইলের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। ভারত কোন দেশ থেকে অস্ত্র কিনবে, দিল্লির সেই সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা থাকা উচিত।

গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপের সাথে এক আলোচনায় এসব কথা বলেন রাহুল গান্ধী। ওই আলোচনায় আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান ও পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেন তিনি।

রাহুল গান্ধী বলেন, ‘ইসরাইলের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা দেশটি থেকে অস্ত্র কিনি। ইসরাইলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টিকে আমি পুরোপুরি সমর্থন করি।’

ভারতের সশস্ত্র বাহিনীর জন্য যেসব অস্ত্র সবচেয়ে উপযোগী, সেগুলো কেনার সিদ্ধান্ত নেয়ার অধিকার দিল্লির থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। তার মতে, অন্য কোনো দেশের অগ্রাধিকার বা পররাষ্ট্রনীতির দ্বারা ভারতের সিদ্ধান্ত পরিচালিত হওয়া উচিত নয়।

গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করলেও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলারও নিন্দা জানান রাহুল গান্ধী। তিনি বলেন, বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

রাহুল গান্ধী বলেন, ‘আমরা অনেক বড় একটি দেশ। আমাদের জনসংখ্যা ১৫০ কোটি। আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত ভারতের জন্য কোনটি ভালো, তা বিবেচনা করে; অন্যদের জন্য কোনটি ভালো, সেটি দিয়ে নয়।’

ইসরাইল ও ভারতের নতুন চুক্তি
তার এই বক্তব্যের দিনই ইসরাইলের সাথে ভারতের সামরিক সহযোগিতার নতুন একটি চুক্তির তথ্য সামনে আসে। ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সাথে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তি ঘোষণা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত ১৮ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে স্থাপিত বারাক পয়েন্ট ডিফেন্স ক্ষেপণাস্ত্রব্যবস্থার আধুনিকায়ন করা হবে। এতে হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নয়নের পাশাপাশি পুরোনো যন্ত্রাংশ ব্যবস্থাপনার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরাইলের সাথে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা যে ভারতের রাজনৈতিক অঙ্গনে গভীরভাবে প্রতিষ্ঠিত, রাহুল গান্ধীর বক্তব্য ও নতুন এই চুক্তি তা আবারো সামনে এনেছে।

ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন চলতি মাসের শুরুতে জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরাইলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলেব্রাইটের কাছ থেকে ফোন আনলক করার একটি প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এই প্রযুক্তি কেনার উদ্যোগ নিয়েছে।

এছাড়া ভারতের কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যের বিরুদ্ধেও ইসরাইলি প্রতিষ্ঠানের কাছ থেকে মোবাইল ফোনের তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনার অভিযোগ তুলেছেন অধিকারকর্মীরা।

রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করে এক স্থানীয় অধিকারকর্মী বলেন, তার বক্তব্যে স্ববিরোধিতা রয়েছে। একদিকে রাহুল বলছেন ভারতের পররাষ্ট্রনীতি দেশের স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত, অন্যদিকে তিনি এমন একটি দেশের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে কথা বলছেন, যার কর্মকাণ্ড গত তিন বছরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

ওই কর্মীর মতে, ভারতের সাথে আরো ভালো সম্পর্ক বজায় রাখার ইসরাইলের প্রয়োজন, ভারতের নয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ ঝাও রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ভারতের সাথে ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ভারত দেশটি থেকে অস্ত্র কেনে। কিন্তু এমন অস্ত্র বাণিজ্য শান্তির জন্য ক্ষতিকর। রাহুল গান্ধীর উচিত ছিল বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা।

অধ্যাপকের মতে, ৭ অক্টোবরের হামলাকে গাজায় গণহত্যার সাথে একইভাবে তুলনা করা আপত্তিকর।

মোদি সরকারের আমলে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ভারত ও ইসরাইলের সম্পর্ক আরো গভীর হয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর কিছুদিন আগে ইসরাইল সফর করেন তিনি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বিভিন্ন সময়ে ভারতের সাথে সম্পর্কের প্রশংসা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা ও বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়লেও ভারতে দেশটির প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

দ্য ইন্ডিপেনডেন্টের বরাতে জানা গেছে, ভারতে ইসরাইলের প্রতি সমর্থনকে ‘অবিশ্বাস্য রকমের বেশি’ বলে বর্ণনা করেছিলেন নেতানিয়াহু।

গত জুলাইয়ের এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরাইলে কমপক্ষে দুই হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের বিভিন্ন অংশ পাঠানো হয়েছে। এসব চালানের মধ্যে ছিল কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যান তৈরির উপকরণ।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, গাজায় আন্তর্জাতিক অপরাধ সংঘটনের বিষয়ে ক্রমবর্ধমান তথ্য-প্রমাণ থাকার পরও ইসরাইলে সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহযোগিতার দায়ে ভারতও আইনি জটিলতায় পড়তে পারে।

ইসরাইলের সাথে সম্পর্কের ইতিহাস 
১৯৯২ সালের জানুয়ারিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তবে এর আগেই সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছিল। 

রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৮০-এর দশকে ইসরাইলের সাথে ভারতের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেন। 

১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সাথে বৈঠক করেন তিনি। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার আগে এটিকে গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের যোগাযোগ হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধীর শাসনামলে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছিল।

তবে গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে কংগ্রেসের কয়েকজন নেতা মোদি সরকারের অবস্থানের সমালোচনা করলেও দলটি এখন পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানায়নি। 

সূত্র : মিডল ইস্ট আই