ভারতীয় সীমান্ত
বাংলাদেশ সীমান্ত থেকে ২০০ মিটার দূরত্বে বিএসএফ সদস্যকে মারধর করেছে গ্রামবাসী। সংগৃহীত

বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ২০০ মিটার দূরে ভারতের ত্রিপুরার বক্সানগর গ্রামে সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) সদস্যদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় গ্রামবাসী। সন্দেহভাজন হিসেবে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বিএসএফের গাড়ি ঘিরে ধরে তিন সদস্যকে পিটিয়ে আহত করে এবং গাড়িটি ভাঙচুর করে।

Advertisement

জঙ্গল পরিষ্কারের সময় যুবককে মারধরের অভিযোগ

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২ নভেম্বর (সোমবার) সকালে বক্সানগরের আশাবাড়ি এলাকায় সীমান্তের কাছে জঙ্গল পরিষ্কার করার সময় হেফজুর রহমান নামের এক স্থানীয় যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে বিএসএফ। গ্রামবাসীর অভিযোগ, হেফজুরকে এমন মারধর করা হয় যে তার একটি পা ভেঙে যায়।

সড়ক অবরোধ ও বিএসএফ সদস্যদের ওপর হামলা

যুবককে মারধরের খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ শত শত মানুষ রাস্তায় নেমে আসেন এবং আশাবাড়ি–রহিমপুর সড়ক অবরোধ করেন। ঠিক সেই সময় অবরোধস্থলে এসে পড়ে বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের একটি গাড়ি। ভেতরে ছিলেন সহকারী কোম্পানি কমান্ডার রোহিত, চালক সুনীল কুমার ও জওয়ান মনজিত। মুহূর্তেই জনতা গাড়িটি ঘিরে ফেলে।

লাঠি-বাঁশ দিয়ে তিনজনকেই বেধড়ক পেটানো হয়, মাটিতে ফেলে চড়ে বসা হয় তাঁদের ওপর, এমনকি অস্ত্র ছিনিয়ে নেয়ারও চেষ্টা চলে। ভাঙচুর করা হয় বিএসএফের গাড়িটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করল ভারতীয় গণমাধ্যম

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভারতের একাধিক গণমাধ্যম। দ্য প্রিন্টের আজকের প্রতিবেদন অনুযায়ী, সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার অধীন আশাবাড়ি সীমান্ত চৌকির কাছে এই হামলায় এক সহকারী কমান্ড্যান্টসহ বিএসএফের অন্তত তিন সদস্য আহত হয়েছেন। 
ঘটনার নিন্দা জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা পুলিশকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে ঘটনার পর পরেই অভিযান চালিয়ে তিন নারীসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। মূলত সীমান্তে বিএসএফের আচরণ নিয়ে ক্ষোভ নতুন কিছু নয়—তবে এবার সেই ক্ষোভের তীব্র বহিঃপ্রকাশ ঘটল খোদ ভারতের মাটিতেই।