বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ন টেস্ট, ইনিংস ব্যবধানে হার, জুবায়ের হামজা, খালেদ আহমেদ, মাহফিজুল ইসলাম রবিন, অ্যাকারম্যান, সেঞ্চুরি, শরিফুল ইসলাম, এলবিডব্লিউ, আম্পায়ার, ম্যাথু ব্রিটকি, রায়ান রিকেলটন, টনি ডি জর্জি, ইউয়ান মুল্ডার, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, জাকের আলি, মার্কো জানসেন, সাইমন হারমার, সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম। সংগৃহীত
ads

সেঞ্চুরিয়ন টেস্টে ব্যাটিংয়ে দৈন্যদশার পর বোলিংয়েও দেখা গেল একই ছবি। প্রথম ইনিংসে ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেননি বাংলাদেশের বোলাররা।

দ্বিতীয় দিন পুরোটা ফিল্ডিং করেই কাটাতে হয়েছে সফরকারীদের। দিন শেষে ৪০৩ রানের লিড নিয়ে বড় জয়ের পথে দক্ষিণ আফ্রিকা। অস্বাভাবিক কিছু না ঘটলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা তাই এখন বাংলাদেশের সামনে।

মঙ্গলবার দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রান তুলে। প্রথম ইনিংসে ৯১ রান করা বাংলাদেশের চেয়ে স্বাগতিকরা এগিয়ে ৪০৩ রানে। হাতে এখনো ৩ উইকেট। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি দক্ষিণ আফ্রিকার হাতে।

এক উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আগের দিনের মতো এদিনও সাবলীল ছিলেন স্বাগতিক ব্যাটসম্যানরা। বাংলাদেশের পেসারদের প্রথম সাফল্যের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় এক ঘণ্টা। 

৯৬ রানের জুটি ভেঙে জুবায়ের হামজাকে ফেরান খালেদ আহমেদ। ৬১ বলে ২৭ রান করে মাহফিজুল ইসলাম রবিনের হাতে ক্যাচ দেন হামজা। তবে তাতে দক্ষিণ আফ্রিকার রানের গতি থামেনি। আগের দিনের ৪৬ রানের সাথে আরো ১০৪ রান যোগ করে নিজের দেড়শ পূর্ণ করেন অ্যাকারম্যান। 

মাত্র ১১১ বলে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান লাঞ্চের আগেই পৌঁছে যান দেড়শতে। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫০ রান করে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হন তিনি। শরিফুলের ফুলটসে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও লাভ হয়নি অ্যাকারম্যানের।

লাঞ্চের পর ম্যাথু ব্রিটকিকে ফিরিয়ে উইকেটের দেখা পান খালেদ। ৩৯ বলে ২০ রান করেন ব্রিটকি। একই রান করে শরিফুলের শিকার হন রায়ান রিকেলটন। এরপর টনি ডি জর্জি ও ইউয়ান মুল্ডার মিলে গড়েন আরেকটি বড় জুটি। ৬৬ রান করা জর্জিকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

মুল্ডার অবশ্য সেঞ্চুরি তুলে নেন। ১৭৩ বলে তিন অঙ্ক ছোঁয়ার পরপরই তাওহিদ হৃদয়ের বলে জাকের আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। টেস্টে এটি হৃদয়ের প্রথম উইকেট। দিনের বাকি সময় নিরাপদেই কাটিয়ে দেন মার্কো জানসেন ও সাইমন হারমার। ৬৭ রান করে অপরাজিত আছেন জানসেন।

এমতাবস্থায় বাংলাদেশের জন্য ব্যবধানটা শুধু বড়ই হয়নি, তৈরি হয়েছে কঠিন এক ইতিহাসের শঙ্কাও। গত সাড়ে সাত বছরে টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং করে এতো বড় ঘাটতিতে পড়েনি দলটি। 

সব মিলিয়ে টেস্টে এ নিয়ে অষ্টমবার ৪০০ রানের বেশি লিড হজম করল বাংলাদেশ। আগের সাতবারই ইনিংস ব্যবধানে হেরেছে তারা। সেঞ্চুরিয়নে সেই ধারার ব্যতিক্রম হতে হলে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য কিছু করতে হবে সফরকারীদের।

তবে আশা ছাড়ছেন না শরিফুল। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারলে ম্যাচে কী হয়, তা দেখা যাবে।’

তার কথায়, ‘আমরা যদি দ্বিতীয় ইনিংসে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারি…দেখা যাক পরবর্তীতে কী হয়। এটা তো টেস্ট খেলা, যেকোনো কিছুই হতে পারে। একটা জুটি হলেও আমরা ব্যাটিংয়ে নামব। তো আশা করা যায়।’