মোদি, ভারত, ককরোচ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

তরুণ প্রজন্মকে কাছে টানতে কৌশলী ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের মন গলাতে নিজের ভাষণে কোমল বার্তা দিয়েছেন তিনি এবং বলেছেন, ‘বিশ্বের জন্য অত্যন্ত জরুরি সমাধান সূত্রগুলো জেন জি-র কাছেই রয়েছে। এটাই তাদের জন্য ‘বৃহৎ পরিসরে ভবিষ্যৎ’ নিয়ে ভাবার উপযুক্ত সময়।

Advertisement

রোববার (১১ অক্টোবর) চেন্নাইয়ে মেট্রোর নতুন ‘রুট’ উদ্বোধন করেন মোদি। এরপর একটি বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি একথা বলেন।

এ সময় সমৃদ্ধ ভারত গড়তে জেন জি-কে আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘একটি উন্নত ভারতের জন্য প্রয়োজনীয় নতুন ধারণা ও সমাধান কেবল দেশেরই নয়; বরং সমগ্র বিশ্বের ভবিষ্যৎকেও গড়ে তুলবে।’

তিনি বলেন, ‘আজ বিশ্ব (একাধিক সমস্যার) সমাধানের পথ খুঁজছে, এই পথ দেখানোর সম্ভাবনা তোমাদের মধ্যেই রয়েছে। আমি চাই প্রত্যেক তরুণ তার ভবিষ্যৎকে এই বৃহত্তর প্রেক্ষাপটে দেখুক। কারণ এটাই তোমাদের সময়, এটাই তোমাদের সামনে সুযোগ।’

চেন্নাইয়ের ভাষণে তামিল কবি চিন্নস্বামী সুব্রহ্মণ্য ভারতীকে স্মরণ করেন মোদি। তিনি বলেন, ‘তার বাণী আমাদের নির্ভয়ে বাঁচতে অনুপ্রাণিত করে।’ 

তিনি বলেন, ‘আমি এখানে উপস্থিত তোমাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি— নিজেদের নির্ভয় হয়ে ওঠার সুযোগ দাও। নিজেদের ধারণাগুলো নিয়ে কাজ করো। বড় স্বপ্ন দেখো, ভিন্নভাবে চিন্তা করো এবং নির্ভয় হও।’ 

ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেন, আজ ভারতের কাছে অসীম সুযোগ রয়েছে… এটাই তোমাদের সময়। আমরা সবাই মিলে স্বপ্ন সফল করবই।’

শনিবার এসআইআর-এর নামে ভোটচুরির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল হয় দিল্লি। রোববার ফের কংগ্রেস, সিজেপি নতুন করে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে। প্রশ্নফাঁসের পর নতুন করে রাজধানীর পথে নামছে জেন জিরা। এই অবস্থায় তরুণ প্রজন্মের প্রতি মোদির বার্তা কৌশলী বলেই মনে করা হচ্ছে। সূত্র : সংবাদ প্রতিদিন