আলিমা খান, ইমরান খান
আলিমা খান সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেফতার করা হয়েছে। 

তাকে লাহারের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে রোববার জানিয়েছে পিটিআই। 

লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় থেকে জারি করা একটি আদেশে ৩০ দিনের জন্য তাদের আটক বা গ্রেফতারের নির্দেশ নিশ্চিত করা হয়েছে।

পিটিআইয়ের আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশের আগে আলিমা খানকে গ্রেফতার করা হলো।

ইমরান খানের কারামুক্তি এবং সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় জনমত গঠনের লক্ষ্যে দলটি এই বিক্ষোভের ডাক দিয়েছে।

ডিসি তার আদেশে মুহাম্মদ আমির নামের আরেক ব্যক্তিকেও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন এবং উল্লেখ করেছেন, ‘তাদের লাহোরের কোট লাখপাত কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টের হেফাজতে রাখা হবে। এই আদেশের বিরুদ্ধে প্রাদেশিক সরকারের কাছে আবেদন বা বক্তব্য পেশ করার অধিকার তাদের থাকবে।’

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, আলিমার বোন নরিন নিয়াজি তাকে আলিমার গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

নিজের পোস্টে গহর বলেন, ‘আমরা স্পষ্ট করেছি যে আমাদের বিক্ষোভ শান্তিপূর্ণ হবে। আমাদের লক্ষ্য হলো সাংবিধানিক ও রাজনৈতিক দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সংগ্রাম করা; আমরা কোনো ধরনের সংঘাত বা সহিংসতা চাই না।’

‘এমন পরিস্থিতিতে এমপিও’র আওতায় আলিমা খান সাহিবাকে গ্রেফতার করা সহিংসতা ও উত্তেজনা উসকে দেয়ার শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

তিনি এ ধরনের সব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান এবং আলিমার অবিলম্বে মুক্তি দাবি করেন।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দল শিগগিরই তাদের কৌশল তুলে ধরবে।

এর আগে পিটিআই ‘এক্স’-এ জানিয়েছিল যে, লাহোরে নিজ বাড়ির সামনে থেকে কর্তৃপক্ষ আলিমাকে ‘তুলে নিয়ে গেছে’।

পিটিআই’র কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরামও এক্সে দেয়া এক পোস্টে আলিমাকে অবিলম্বে আদালতে হাজির করার দাবি জানান।

আকরাম অভিযোগ করেন, ‘ভাইয়ের পক্ষে কথা বলার জন্য এক বোনকে শাস্তি দেয়া হচ্ছে।’

এক বিবৃতিতে পিটিআই আলিমার এই গ্রেফতারকে ‘পরিস্থিতি আরো খারাপ করার লক্ষ্যে নেয়া একটি কাপুরুষোচিত ও পরিকল্পিত পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।

সূত্র : ডন