হিফজ, হাফেজ,মুহান্নাদ আল-হুসনি, কোরআন, গাজা, ফিলিস্তিন
১৪ বছর বয়সী হাফেজ মুহান্নাদ আল-হুসনি। সংগৃহীত
ads

পবিত্র কোরআন আল্লাহ তায়ালার এক বিরাট নেয়ামত। আর যারা পবিত্র এ গ্রন্থ হিফজ বা মুখস্থ করেন, তারা আল্লাহর অনেক প্রিয়। বিশ্বব্যাপী অসংখ্য কোরআনের হাফেজ আছেন, তবে তাদের মধ্যেও এমন কিছু মানুষ আছেন, যারা অনন্য, তাদেরই একজন গাজার মুহান্নাদ আল-হুসনি। তিনি অনাবাসিক পদ্ধতিতে মাত্র ২৬ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন।

আলজাজিরা জানায়, মুহান্নাদের বয়স যখন মাত্র ১৪ বছর, তখনই তিনি পবিত্র রমজান মাসে এই কীর্তি গড়েন। প্রতিদিনি তিনি কোরআনের এক পারারও বেশি—অন্তত ২৫ পৃষ্ঠা হিফজ করতেন। 

মুহান্নাদ আল-হুসনি ২০১৫ সালে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থীশিবিরের ‘আল-আওদাহ ইলাল্লাহ’ মসজিদে আয়োজিত ‘আন-নুখবা’ নামের একটি গ্রীষ্মকালীন হিফজ কর্মসূচিতে অংশ নেন। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত চলত তাদের হিফজের এই কোর্সটি।

আরো পড়ুন—গর্ভে থাকতে মায়ের অধিক কোরআন তেলাওয়াত, ৩ বছর বয়সেই হাফেজ হন ফারিহ

এ প্রসঙ্গে মুহান্নাদ জানান, তিনি খুব স্বাচ্ছন্দ্যে পবিত্র কোরআন মুখস্থ করেছেন; কোনো অসুবিধা হয়নি তার। হিফজের সময়টি তার কাছে ছিল অত্যন্ত নিবিড়।

তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার জন্যই আমি কোরআন মুখস্থ করেছি। কোরআন আমাদের সবার জীবনবিধান। তাই আমাদের উচিত একে আঁকড়ে ধরা, মুখস্থ করা এবং জীবনে বাস্তবায়ন করা।’

গাজার দারুল কোরআন ওয়াস সুন্নাহ অ্যাসোসিয়েশন পরিচালিত এ কর্মসূচিতে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হয়। পড়াশোনায় ভালো ফল ও উত্তম চরিত্রকে এ ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়।

ওই এলাকার হিফজ কার্যক্রমের তত্ত্বাবধায়ক ও আল-আওদাহ মসজিদের ইমাম শায়খ সুহাইব আল-কাহলুত জানান, (ওই বছর) মসজিদে নিয়মিত হিফজ করা ১৫০ শিক্ষার্থীর মধ্য থেকে ১৫ জনকে এ কর্মসূচির জন্য বাছাই করা হয়।

তিনি জানান, গাজার হিফজ কার্যক্রমগুলো অর্থায়ন ও শিক্ষকদের সম্মানীর ক্ষেত্রে সঙ্কটে রয়েছে। দীর্ঘদিনের অবরোধের মধ্যে স্থানীয় উদ্যোগ ও অনুদানের ওপর নির্ভর করেই এসব কার্যক্রম চলছে।

গাজার উত্তরাঞ্চলে সংস্থাটির পরিচালক ড. জামিল আদওয়ান জানান, উপত্যকাজুড়ে তাদের ৭৭৬টি হিফজকেন্দ্রে ২২ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। হিফজ শেষ করার পর সেটি আরো ইয়াদ বা পাকাপোক্ত করতে নবীন হাফেজদের ‘হুফফাজ ফোরাম’-এ যুক্ত হয়। বর্তমানে সেখানে নিয়মিত অংশ নিচ্ছে ১ হাজার ৭০০-এর বেশি শিক্ষার্থী।

সূত্র : আলজাজিরা