মসজিদে নববী
মসজিদে নববীর অভ্যন্তর। ফাইল ছবি

পবিত্র মসজিদে নববীতে আসা মুসল্লি ও দর্শনার্থীদের জন্য পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে কার্পেট পরিচর্যার কর্মসূচি গ্রহণ করেছে মসজিদে নববীর কর্তৃপক্ষ। দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকা এ ব্যবস্থার আওতায় মসজিদে নববীর প্রায় ২৫ হাজার কার্পেটের পরিচ্ছন্নতা, মান ও ব্যবহার উপযোগিতা নিশ্চিত করা হচ্ছে।

Advertisement

মসজিদের ১৫৩টি নামাজের স্থান মুসল্লিদের জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রমের বিভিন্ন ধাপ নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয়। কার্পেট পরিচর্যার শুরুতেই ধুলাবালি অপসারণে বিশেষ ব্যবস্থা নেয়া হয়। এ কাজে ব্যবহৃত ৪৩০টি মেশিন দিনে চারবার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে। কার্পেটের নিয়মিত পরিচর্যার অংশ হিসেবে প্রতিদিন ৪০০টিরও বেশি কার্পেট ধোয়া হয়।

পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ৭০টিরও বেশি কার্পেট পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করা হয়। এতে কার্পেটের পরিচ্ছন্নতার পাশাপাশি এর গুণমান ও স্থায়িত্বও বজায় রাখা সম্ভব হয়।
শুধু ধোয়া ও পরিষ্কার করাই নয়, কার্পেট পরিচর্যায় জীবাণুমুক্তকরণ এবং সুগন্ধি ব্যবহারের ব্যবস্থাও আছে। নামাজের স্থানগুলোর পরিবেশ পরিচ্ছন্ন ও মনোরম রাখতে প্রতিদিনের কার্যক্রমে ৪৫০ লিটারের বেশি জীবাণুমুক্তকরণ উপকরণ এবং ২৫০ লিটারের বেশি সুগন্ধি ব্যবহার করা হয়।

মুসল্লি ও দর্শনার্থীদের অব্যাহত উপস্থিতির সাথে তাল মিলিয়ে প্রতিদিন প্রায় ২৫ হাজার কার্পেট বিছানো হয়। ১৫৩টি নামাজের স্থানজুড়ে নিয়মিত এসব কার্পেট বিছানো, পরিষ্কার করা, ধোয়া, জীবাণুমুক্ত করা ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের কাজ চলে।

মসজিদে নববীতে প্রতিদিন বিপুলসংখ্যক মুসল্লি নামাজ ও ইবাদতে অংশ নেন। তাদের নির্বিঘ্ন ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে তাই কার্পেট পরিচর্যার এই সুবিস্তৃত কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২৪ ঘণ্টার এই নিরবচ্ছিন্ন ব্যবস্থাপনার ফলে মসজিদে নববীর নামাজের স্থানগুলো পরিচ্ছন্ন, সুগন্ধিময় ও মুসল্লিদের ব্যবহারের জন্য আকর্ষণীয় করে প্রস্তুত রাখা হচ্ছে।