
সরকারি নোটিশের উদ্দেশ্য নাগরিককে তথ্য জানানো ও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া। অথচ অনেক নোটিশে জটিল দাফতরিক শব্দ, দীর্ঘ বাক্য ও দুর্বোধ্য পরিভাষার ব্যবহার সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। বিশেষ করে স্বল্পশিক্ষিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা সময়সীমা বুঝতে গিয়ে সমস্যায় পড়েন। ফলে তথ্য জানার অধিকার থাকলেও ভাষার জটিলতায় তারা কার্যত সেবা থেকে পিছিয়ে পড়েন।
সরকারি তথ্য জনগণের জন্য। তাই প্রতিটি নোটিশে সহজ, প্রমিত ও সাবলীল বাংলা ব্যবহার নিশ্চিত করতে হবে। দীর্ঘ বাক্যের পরিবর্তে সংক্ষিপ্ত নির্দেশনা, প্রয়োজনীয় কাগজপত্র ও সময়সীমা আলাদা করে উল্লেখ করতে হবে। জটিল বিষয় থাকলে সহজ ভাষায় ব্যাখ্যাও যুক্ত করা জরুরি। ডিজিটাল নোটিশেও একই নীতি অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট দফতরের উচিত নোটিশ প্রকাশের আগে ভাষার বোধগম্যতা যাচাই করা। নাগরিকের কাছে পৌঁছায় না যে তথ্য, তা প্রকাশ করেই দায়িত্ব শেষ হয়ে যায় না।
আফিয়া আলম, শিক্ষার্থী,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








