কামিল পরীক্ষার ফি বৃদ্ধি পুনর্বিবেচনা জরুরি
কামিল পরীক্ষার ফি বৃদ্ধি পুনর্বিবেচনা জরুরি। সংগৃহীত

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে কামিল পরীক্ষা-২০২৫-এর ফরম পূরণ ফি বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। নির্ধারিত নতুন ফি অনুযায়ী, কামিল প্রথম বর্ষে দুই হাজার ৮৪৫ টাকার পরিবর্তে তিন হাজার ৮০০ টাকা এবং দ্বিতীয় বর্ষে তিন হাজার ২৬৫ টাকার পরিবর্তে চার হাজার ১৭৫ টাকা দিতে হবে। ফলে মাত্র এক বছরের ব্যবধানেই শিক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত ব্যয় বাড়ছে যথাক্রমে ৯৫৫ ও ৯১০ টাকা।

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একসাথে প্রায় এক হাজার টাকা অতিরিক্ত ফি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নিঃসন্দেহে বাড়তি আর্থিক চাপ। বিশেষত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের কাছে এ ব্যয় অনেকটাই ভারী হয়ে উঠতে পারে। এর প্রভাব শুধু পারিবারিক ব্যয়ের ওপরই সীমাবদ্ধ থাকবে না; অতিরিক্ত ফি অনেক শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের প্রক্রিয়াকেও জটিল করে তুলতে পারে।

Advertisement

শিক্ষাব্যবস্থায় ব্যয়ের ভার যেন শিক্ষার্থীদের অগ্রযাত্রার প্রতিবন্ধক না হয়— এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় নেয়া প্রয়োজন। ফি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক বাস্তবতা বিবেচনা করে বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রাখে।

শিক্ষার্থীবান্ধব ও সহনীয় ফি নির্ধারণের মাধ্যমে কামিল শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নির্বিঘ্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

কে এম ছালেহ আহমদ জাহেরী, শিক্ষার্থী, কামিল (ফিকহ), দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, ঢাকা