নড়াইল আধুনিক সদর হাসপাতাল
নড়াইল আধুনিক সদর হাসপাতাল। সংগৃহীত

দেড় বছরের মেয়াদ নিয়ে শুরু হওয়া প্রকল্প আট বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি নড়াইল ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল। আমলাতান্ত্রিক জটিলতা, লিফট স্থাপন নিয়ে গণপূর্ত বিভাগের অবহেলা এবং তীব্র জনবল সঙ্কটের বেড়াজালে আটকে আছে নতুন এই বহুতল ভবনটি। 

Advertisement

ফলে জেলার লাখ লাখ মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন আধুনিক ভবনটি দৃশ্যমান হলেও লিফট চালু না হওয়ায় গুরুতর রোগীদের উপরের তলাগুলোতে স্থানান্তর করা যাচ্ছে না। অন্য দিকে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়া হলেও প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়নি।
বর্তমানে পুরনো ১০০ শয্যার অবকাঠামোতেই চলছে পুরো জেলার চিকিৎসাসেবা। ধারণক্ষমতার চেয়ে তিন থেকে চার গুণ বেশি রোগী প্রতিদিন এখানে আসছেন। শয্যা সঙ্কটের কারণে নিরুপায় হয়ে বহু রোগীকে বারান্দায় ও নোংরা মেঝেতে শুয়ে মানবেতর অবস্থায় চিকিৎসা নিতে হচ্ছে। অনেকসময় গুরুতর রোগীদের বাধ্য হয়ে যশোর বা খুলনায় এমনকি ঢাকায় রেফার করা হয়, যা দরিদ্র মানুষের জন্য অত্যন্ত ব্যয়বহুল।

স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুততম সময়ের মধ্যে লিফটের জটিলতা নিরসন করে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে নতুন ভবনটি পুরোপুরি চালু করা হোক। কর্তৃপক্ষের এই দীর্ঘসূত্রতা নড়াইলের মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।

শরীফ শাহজালাল ইসলাম
আলাদাতপুর, নড়াইল।