
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন নানা কারণে আলোচনায় ছিল। ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা আলোচিত মডেল মেঘনা আলম পেয়েছেন ৬০৮টি ভোট। ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠেন তিনি। নির্বাচনে পরাজয়ের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে খোঁচা দিয়ে একটি পোস্ট দেন মেঘনা। সেখানে তিনি দাবি করেন, অন্যের অর্থের ওপর নির্ভর না করে নিজের সামর্থ্যে নির্বাচন করেছেন।
মেঘনা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেয়া পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, পাটওয়ারীর মতো জনতার টাকা তুলে নির্বাচন করিনি। ৬০৮টি ভোট যারা দিয়েছেন, সবাই কোনো একটা প্রমাণসহ যোগাযোগ করবেন। দেশ পরিবর্তনের জন্য ১ জন মানুষও গুরুত্বপূর্ণ।
তবে পোস্টটি প্রকাশের কয়েক মিনিট পর তিনি পাটওয়ারীর নাম সরিয়ে সংশোধিত বার্তা দেন। নতুন পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, জনতার টাকা তুলে নির্বাচন করিনি। ৬০৮টি ভোট যারা দিয়েছেন, সবাই কোনো একটি প্রমাণসহ যোগাযোগ করবেন। দেশ পরিবর্তনের জন্য ১ জন মানুষও গুরুত্বপূর্ণ।

মেঘনা আলমের দেয়া পোস্ট, যেটা তিনি পরে পরিবর্তন করে আবার পোস্ট করেন। ছবি: মেঘলার ফেসবুক
রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যমতে, আসনটির ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ১০৮টি কেন্দ্রে পান ৫৬ হাজার ৫৫২ ভোট এবং পোস্টাল ভোটে ২ হাজার ৮১৪ ভোট। সব মিলিয়ে তার মোট ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।
অন্যদিকে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পান ৫১ হাজার ৫৭২ ভোট এবং পোস্টাল ভোটে আরও ২ হাজার ৫৫৫ ভোট পেয়ে মোট ৫৪ হাজার ১২৭ ভোট অর্জন করেন। এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে পান ১ হাজার ৪৩৬ ভোট। আর গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পান ৬০৮ ভোট।







