
আলি জামশেদ বাজিতপুর (কিশোরগঞ্জ)
সচ্ছল জীবনের স্বপ্ন নিয়ে মালয়েশিয়া যেতে প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় পড়ছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিকলী, বাজিতপুরসহ বিভিন্ন উপজেলার বহু যুবক। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় প্রস্তুতির পাশাপাশি বিপুল অর্থ ব্যয় করেও অনেকের বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়ছে। অর্থসঙ্কট, মেডিক্যাল পরীক্ষায় জটিলতা এবং দালালদের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে নিঃস্ব হওয়ার পথে হাওরাঞ্চলের অনেক পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছক বাজিতপুরের এক যুবক জানান, এইচএসসি পাসের পর ইউরোপের কয়েকটি দেশে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে মালয়েশিয়া যাওয়ার উদ্যোগ নিলেও নানা জটিলতায় তার স্বপ্ন এখানো অনিশ্চিত হয়ে পড়েছে। তার অভিযোগ, কখনো ধূমপান না করলেও মেডিক্যাল পরীক্ষায় তাকে অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। অথচ অতিরিক্ত অর্থের বিনিময়ে কেউ কেউ মেডিক্যালে উপযুক্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
ওই যুবক বলেন, বিদেশ যেতে গিয়ে দালালদের কারণে নির্ধারিত ব্যয়ের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ খরচ করতে হচ্ছে। অর্থ ব্যয় করেও প্রত্যাশিত সেবা মিলছে না। বরং নানা হয়রানির শিকার হতে হচ্ছে।
নিকলী, বাজিতপুরসহ হাওরাঞ্চলের বিদেশগমনেচ্ছু যুবকদের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই প্রশিক্ষণ ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেও অর্থের অভাব, মেডিক্যাল রিপোর্ট এবং ভিসা প্রক্রিয়ার জটিলতায় আটকে আছেন। কেউ কেউ জমি বিক্রি করে কিংবা ধারদেনা করে বিদেশ যাওয়ার অর্থ জোগাড় করেছেন। তারপরেও যাত্রা অনিশ্চিত হওয়ায় পরিবারগুলো পড়েছে চরম আর্থিক ও মানসিক সঙ্কটে।
সংশ্লিষ্টদের মতে, বিদেশে কর্মসংস্থানের সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ পাতছে দালালচক্র। মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে যাওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির কারণে বহু তরুণের বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন ভেঙে যাচ্ছে।
ভুক্তভোগীরা বিদেশগামীদের প্রশিক্ষণ, মেডিক্যাল পরীক্ষা, ভিসা প্রক্রিয়া ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং প্রতারণার অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা চান তারা। তাদের মতে, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা না গেলে বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা অনেক পরিবারের জন্য আর্থিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









