
কোষ্ঠকাঠিন্য শীতকালে যেন আরো জাঁকিয়ে বসে। ঠাণ্ডায় পানি কম খাওয়া ও আলসেমির কারণে পেটের সমস্যা বাড়ে। এই সমস্যায় ভোগেন অনেকেই। এই সাধারণ কোষ্ঠকাঠিন্যই কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। সাবধান না হলে এর থেকেই হতে পারে অর্শ বা পাইলসের মতো যন্ত্রণাদায়ক রোগ। কিন্তু ঠাণ্ডা পড়লেই কেন বাড়ে এই সমস্যা?
শীতকালে আমাদের রোজকার রুটিন আর খাওয়াদাওয়ার কিছু ভুলই এই সমস্যার মূলে। ঠাণ্ডায় আমাদের তেষ্টা কম পায়। তাই অনেকেই সারা দিনে পানি খাওয়া অনেক কমিয়ে দেন। শরীরে পানির ঘাটতি হলেই মল শক্ত হতে শুরু করে।
কোন ভুলগুলো বিপদ বাড়াচ্ছে?
লেপ-কম্বলের ওম ছেড়ে শীতের সকালে অনেকেই হাঁটতে বা শরীরচর্চা করতে চান না। সারা দিন শুয়ে-বসে থাকলে অন্ত্রের স্বাভাবিক নড়াচড়া কমে যায়। ফলে খাবার ঠিকমত হজম হতে চায় না। তার ওপর শীতের দুপুরে বা সন্ধ্যায় গরম গরম তেলেভাজা, লুচি-পরোটা খাওয়ার লোভ সামলানো দায়!
পাত থেকে ফাইবারযুক্ত ফল, সবুজ শাকসবজি আর কাঁচা সালাদ বাদ পড়লেই পেটে গ্যাস, পেট ফাঁপা ও ভারী ভাব শুরু হয়। অনেকেই আবার শীতের সকালে আলসেমি করে বাথরুমে যাওয়ার বেগ চেপে রাখেন। এই অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
সুস্থ থাকার সহজ উপায় কী?
১.পেট পরিষ্কার রাখতে হলে তেষ্টা না পেলেও নিয়ম করে পর্যাপ্ত পানি খান। রোজকার খাবারে রাখুন মৌসুমি ফল ও শাকসবজি।
২. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। সকালের বাথরুমে যাওয়ার রুটিন কোনোভাবেই বদলাবেন না।
৩. সকালে খালি পেটে কিংবা রাতে ঘুমানোর আগে পানিতে ভিজিয়ে ইসবগুলের ভুসি খেতে পারেন। দুধের সাথেও এটি খেতে পারেন।
৪. সকালের নাস্তায় বা রাতে খই খেতে পারেন। খই দুধ অথবা টকদই দিয়ে খাওয়া যায়। খইয়ের মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় এটি পেট পরিষ্কার করতে ভূমিকা রাখে। এ ছাড়া টকদইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক হজমে সাহায্য করে।
৫. কোষ্ঠকাঠিন্য সমস্যায় প্রতিদিন পাকা পেঁপে, আপেল খেতে পারেন। এ ছাড়া প্রচুর পরিমাণ শাকসবজি, ডাল খেতে পারেন।
৬. পেট পরিষ্কারের জন্য পর্যাপ্ত ঘুম দরকার। ঘুম ভালো হলেই অনেক সমস্যার সমাধান হয়।
তবে সব নিয়ম মানার পরেও যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকে, তবে অবহেলা করবেন না। মলের সাথে রক্ত পড়লে, হঠাৎ ওজন কমে গেলে বা পেটে তীব্র ব্যথা হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ইন্টারনেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









