অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : প্রবাসী কল্যাণমন্ত্রী
ads

 

নিজস্ব প্রতিবেদক

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন  সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) গত বৃহস্পতিবার শতাধিক মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ তারিখে আরো একটি দল পাঠানো হবে।
প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল ফার্ম গঠনের কাজ চলছে। যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, নিহত প্রত্যেক প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীদের চিকিৎসাসেবা অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসকদল নিয়োগের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনে চলারও আহ্বান জানান তিনি।
বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে এবং জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে পর্যটকদের জন্য আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যে দৃশ্যমান হবে। সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই নিয়েও কাজ চলছে।
অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবনসহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।