বাঘায় ট্রাকচালক ও উজিরপুরে বৃদ্ধ নিহত
ads

 নয়া দিগন্ত ডেস্ক 

সড়ক দুর্ঘটনায় রাজশাহীর বাঘায় এক ট্রাকচালক ও বরিশালের উজিরপুরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আটজন।
বাঘা (রাজশাহী) সংবাদদাতা জানান, রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর বাজারে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে চন্ডিপুর বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আলুভর্তি একটি ট্রাক ঈশ্বরদী অভিমুখে যাচ্ছিল। ট্রাকটি চন্ডিপুর বাজার মোড়ে পৌঁছালে বিপরীতগামী থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দু’টি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে সাতজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে ট্রাকচালক নাসিরের অবস্থা আশঙ্কা হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেকে) পাঠান। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ট্রাকচালক নাসির উদ্দীন (৩৫) বানিয়াপাড়া তেঁতুলতলা আবদুল মজিদ ভেগলের ছেলে। আহতরা হলেন শহিদুল ইসলামের ছেলে তুষার, আলেক চাঁদের ছেলে শুভ, হুজুরের ছেলে বাক্কার, ওহিদুলের ছেলে সেলিম, আব্দুল মালেকের ছেলে মানিক ও মানিকের ছেলে জুয়েল।  
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের উজিরপুরে ইউনিক পরিবহনের বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো  একজন। দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুর করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার বেলা ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: সিদ্দিকুর রহমান সরদার। আহত মো: রাহাত সরদার। 
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সিদ্দিকুর রহমান মারা যান। আহত রাহাতকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে ভাঙচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় গৌরনদী হাইওয়ে পুলিশের একটি পিকআপকে ধাওয়া করার ঘটনাও ঘটে। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।