
- দুদকে পদোন্নতি নিয়ে তীব্র অসন্তোষ
- গোয়েন্দা প্রতিবেদন নিয়ে প্রশ্ন
দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ২০১১ ব্যাচের সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেয়া হলেও এ নিয়ে সংস্থাটির অভ্যন্তরে দেখা দিয়েছে অসন্তোষ ও ক্ষোভ।
অভিযোগ উঠেছে, জ্যেষ্ঠতার তালিকায় এগিয়ে থাকা একাধিক কর্মকর্তাকে বাদ দিয়ে তুলনামূলক পেছনের সারিতে থাকা কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। এ ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার পাশাপাশি বাইরের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন কতটা প্রভাব ফেলেছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা । বিশেষ করে জ্যেষ্ঠতার তালিকায় ৪ থেকে ১১ নম্বরে থাকা কোনো কর্মকর্তার পদোন্নতি না হওয়া এবং ২৫ নম্বরে থাকা একজন কর্মকর্তার পরিচালক পদে উন্নীত হওয়ার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। পদোন্নতির ক্ষেত্রে কোনো মানদণ্ড অনুসরণ করা হয়েছে, কেন জ্যেষ্ঠতার তালিকার শীর্ষস্থানীয় কর্মকর্তারা বাদ পড়লেন এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তি কী- এসব প্রশ্নের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা।
গত ১২ নভেম্বর দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০১১ ব্যাচের সাত কর্মকর্তাকে পরিচালক হিসেবে পদোন্নতি দেয়া হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে আগে থেকেই পরিচালক পদে চলতি দায়িত্বে ছিলেন এ এস এম সাজ্জাদ হোসেন ও মো: মাসুদুর রহমান। বাকি পাঁচজন উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
তারা হলেন, মো: হাফিজুল ইসলাম, মো: নাজমুচ্ছায়াদাত, মোছা: সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন ও মোহাম্মদ ফয়সাল।
দুদকের ১০ নভেম্বর প্রকাশিত জ্যেষ্ঠতার তালিকা পর্যালোচনায় দেখা যায়, পদোন্নতিপ্রাপ্ত এ এস এম সাজ্জাদ হোসেন ও মো: মাসুদুর রহমানের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। তারা দুজনই ২০১১ সালের ৭ আগস্ট চাকরিতে যোগ দেন। অন্য দিকে মোছা: সেলিনা আক্তার মনি রয়েছেন ১২তম, ফারজানা ইয়াসমিন ১৩তম, মো: হাফিজুল ইসলাম ১৭তম, মো: নাজমুচ্ছায়াদাত ১৮তম এবং মোহাম্মদ ফয়সাল ২৫তম অবস্থানে।
অর্থাৎ জ্যেষ্ঠতার তালিকার ৪ থেকে ১১ নম্বর পর্যন্ত কোনো কর্মকর্তা পদোন্নতি পাননি। একইভাবে ১৪ থেকে ১৬ এবং ১৯ থেকে ২৪ নম্বর অবস্থানে থাকা কর্মকর্তারাও পদোন্নতির তালিকায় স্থান পাননি। অথচ তালিকার ২৫ নম্বরে থাকা কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।
জ্যেষ্ঠতার তালিকায় প্রথম ১১ জনের মধ্যে থাকা কর্মকর্তাদের পাশাপাশি মো: মোস্তাফিজুর রহমান, মো: নাজমুল হাসান ও মোয়াজ্জেম হোসেনের মতো কর্মকর্তারাও পদোন্নতি থেকে বাদ পড়েছেন। এ ছাড়া ১৯ থেকে ২৪ নম্বরে থাকা মো: নুর-ই-আলম, দেবব্রত মণ্ডল, এস এম রাশেদুর রেজা, মো: গুলশান আনোয়ার প্রধান, মো: সালাহ উদ্দিন ও মো: শাওন মিয়াও পদোন্নতির জন্য বিবেচিত হননি।
একই দিনে চাকরিতে যোগ দেয়া কর্মকর্তাদের মধ্যে পদোন্নতিতে এমন ভিন্নতা কেন- তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে নিয়োগ পরীক্ষার মেধাক্রম ও অন্যান্য বিষয় বিবেচনায় প্রস্তুত করা জ্যেষ্ঠতার তালিকা প্রকাশের পরও সেই তালিকার ধারাবাহিকতা অনুসরণ না করার বিষয়টি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে।
পদোন্নতিবঞ্চিত এক কর্মকর্তা বলেন, পদোন্নতি না পাওয়া ব্যক্তিগত হতাশার বিষয়। কিন্তু এর চেয়ে বড় উদ্বেগ হলো প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা। দীর্ঘদিনের চাকরি, অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার যথাযথ মূল্যায়ন না হলে কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়। এতে প্রাতিষ্ঠানিক পরিবেশ ও কর্মস্পৃহা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা ও জ্যেষ্ঠতা যথাযথভাবে অনুসরণের দাবি জানান তিনি।
আরেক কর্মকর্তা বলেন, চাকরিজীবনে পদোন্নতি প্রত্যেক কর্মকর্তার স্বাভাবিক প্রত্যাশা। সহকর্মীদের পদোন্নতি পাওয়া ইতিবাচক হলেও একই সময়ে চাকরিতে যোগ দেয়া কিংবা জ্যেষ্ঠতার তালিকায় এগিয়ে থাকা কর্মকর্তাদের বাদ দিয়ে তুলনামূলক পেছনের সারির কাউকে পদোন্নতি দেয়া হলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কর্তৃপক্ষের কাছে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে ন্যায্য মূল্যায়নের প্রত্যাশা করেন তিনি।
পদোন্নতিবঞ্চিত আরেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে চাকরি ছাড়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। তার অভিযোগ, দীর্ঘদিন যাচাই-বাছাইয়ের পর প্রস্তুত করা জ্যেষ্ঠতার তালিকা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হয়ে থাকলে সেই প্রতিবেদন কতটা নিরপেক্ষভাবে যাচাই করা হয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
তিনি বলেন, দুদক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত করে। কর্মকর্তাদের কাজের সাফল্য নির্ভর করে মামলা, চার্জশিট এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ওপর। যারা অনুসন্ধান ও তদন্তের সাথে সরাসরি যুক্ত, তাদের পেশাগত নিরাপত্তা ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। পদোন্নতি যদি রাজনৈতিক কিংবা অন্য কোনো প্রভাবশালী মহলের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।
দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পদোন্নতিবঞ্চিতদের বিষয়ে পরবর্তী সময়ে বিবেচনার আশ্বাস দেয়া হলেও বিষয়টি এখনো স্পষ্ট নয়। তার জানামতে, কমিশনের নিজস্ব গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে পদোন্নতির সিদ্ধান্ত নেয়ার কথা বলেছিল। কিন্তু গণমাধ্যমে অন্য একটি সংস্থার প্রতিবেদন বিবেচনার বিষয়টি জানার পর উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, যে সংস্থার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে বর্তমানে দুদক অনুসন্ধান চালাচ্ছে, সেই সংস্থার কাছ থেকে দুদকের নিজস্ব কর্মকর্তাদের বিষয়ে কতটা নিরপেক্ষ প্রতিবেদন পাওয়া সম্ভব? এমন পরিস্থিতিতে প্রতিবেদনটির গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা যাচাই করা জরুরি।
দুদক বিধিমালা-২০০৮-এর ৬ নম্বর ধারায় পদোন্নতির মাধ্যমে নিয়োগের শর্তাবলি উল্লেখ রয়েছে। বিধিমালা অনুযায়ী, কমিশন গঠিত নিয়োগ ও পদোন্নতি কমিটির সুপারিশ এবং অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে কোনো কর্মচারীকে উচ্চতর পদে পদোন্নতির জন্য বিবেচনা করা যায়।
এ ক্ষেত্রে কর্মকর্তার চাকরির বৃত্তান্ত, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর), বিশেষ মূল্যায়ন প্রতিবেদন, নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং চাকরিতে স্থায়ীকরণের বিষয়গুলো গুরুত্বপূর্ণ।
শৃঙ্খলাজনিত কারণে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় পর্যন্ত পদোন্নতির অযোগ্যতার বিধান রয়েছে। লঘুদণ্ডের ক্ষেত্রে দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী এক বছর এবং গুরুদণ্ডের ক্ষেত্রে তিন বছর পদোন্নতি স্থগিত রাখার বিধান রয়েছে।
অন্য দিকে বিধিমালার তফসিল-১ অনুযায়ী, উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতির জন্য প্রথম শ্রেণীর পদে ১২ বছরের অভিজ্ঞতাসহ উপপরিচালক পদে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, পদোন্নতির ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতা নয়, যোগ্যতা ও চাকরির রেকর্ডও বিবেচ্য। তবে জ্যেষ্ঠতার তালিকা থেকে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তাকে বাদ দেয়ার ক্ষেত্রে কী কী নির্দিষ্ট মানদণ্ড প্রয়োগ করা হয়েছে, তা স্পষ্ট করা হলে বিতর্ক অনেকটাই নিরসন হতে পারে।
দুদকের সাবেক এক মহাপরিচালক পদোন্নতিতে গোয়েন্দা প্রতিবেদনের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, একজন কর্মকর্তা অফিসে কী কাজ করছেন, তার কর্মদক্ষতা কেমন এবং দায়িত্ব পালনে তার ভূমিকা কী- এসব তথ্য সংশ্লিষ্ট দফতর ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকে। প্রতি বছরের এসিআর মূলত একজন কর্মকর্তার কর্মজীবনের মূল্যায়ন। এরপরও গোয়েন্দা প্রতিবেদনে যদি কোনো গুরুতর নেতিবাচক তথ্য পাওয়া যায়, তাহলে তা যাচাই করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।
তার মতে, গোয়েন্দা প্রতিবেদনে অনেক সময় বিস্তারিত তথ্য ও দালিলিক প্রমাণ থাকে না। ফলে কোনো কর্মকর্তার যোগ্যতা বা অযোগ্যতা নির্ধারণে এ ধরনের প্রতিবেদনকে একমাত্র বা প্রধান ভিত্তি করা সমীচীন নয়। কর্মকর্তার দক্ষতা, সততা ও কর্মসম্পাদনের মূল্যায়ন হতে হবে প্রাতিষ্ঠানিক রেকর্ডের ভিত্তিতে।
পরিচালক পদে ১৪ থেকে ১৫টি শূন্য পদ থাকার কথা উল্লেখ করে সাবেক এই কর্মকর্তা বলেন, এত পদ শূন্য থাকার পরও মাত্র সাতজনকে পদোন্নতি দেয়া হলো কেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাকি পদগুলোতে প্রেষণে কর্মকর্তা নিয়োগের কোনো পরিকল্পনা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি বলেন, দুদকের মতো বিশেষায়িত প্রতিষ্ঠানে অনুসন্ধান ও তদন্তের অভিজ্ঞতাসম্পন্ন নিজস্ব কর্মকর্তাদের অগ্রাধিকার দেয়া উচিত। প্রশাসন থেকে প্রেষণে কর্মকর্তা এনে গুরুত্বপূর্ণ পদ পূরণ করা হলে তাদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে। কমিশনের উচিত নিজস্ব জনবলকে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যায়ন করা।
পদোন্নতি নিয়ে বিতর্ক ও কর্মকর্তাদের অসন্তোষের বিষয়ে দুদক সচিব মো: সাইদুর রহমান খান বলেন, জল্পনা-কল্পনার কোনো ভিত্তি নেই। দুদকের সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের বিভাগীয় পদোন্নতি কমিটি রয়েছে। কমিটিতে প্রশাসন বিভাগের মহাপরিচালক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের একজন করে প্রতিনিধি রয়েছেন।
তিনি জানান, কর্মকর্তাদের গোয়েন্দা প্রতিবেদন, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর), নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মূল্যায়ন এবং আর্থিক সততা বিবেচনা করেই সাতজনকে যোগ্য হিসেবে পাওয়া গেছে। নির্ধারিত মানদণ্ড পূরণ করায় তাদের পদোন্নতি দেয়া হয়েছে।
পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, কাউকে এখনো বাদ দেয়া হয়নি কিংবা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তাদের বিষয়ে অন্য একটি গোয়েন্দা সংস্থা থেকে নতুন প্রতিবেদন নেয়া হবে। প্রতিবেদন পেতে প্রায় এক মাস সময় লাগতে পারে।
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে দুদক সচিব বলেন, কারো রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে ব্যক্তিগতভাবে জানা থাকলেও প্রতিবেদনে তার প্রমাণ না থাকলে তা বিবেচনায় নেয়ার সুযোগ নেই। কমিটির সভাপতি হিসেবে তিনি দাবি করেন, সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমেই পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুদক দেশের দুর্নীতি দমন, অনুসন্ধান ও তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তা শুধু অভ্যন্তরীণ প্রশাসনিক অসন্তোষেই সীমাবদ্ধ থাকে না; প্রতিষ্ঠানের স্বাধীনতা, পেশাগত নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হয়।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা, যোগ্যতা, কর্মদক্ষতা, সততা ও চাকরির রেকর্ডের মধ্যে একটি স্বচ্ছ ভারসাম্য থাকা প্রয়োজন। কোনো কর্মকর্তা পদোন্নতির যোগ্য না হলে তার কারণ বিধিমালা ও প্রামাণ্য নথির ভিত্তিতে ব্যাখ্যা করা উচিত। একইভাবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগ্যতার মানদণ্ডও পরিষ্কার থাকা জরুরি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









