
বরিশাল ব্যুরো
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইয়ের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
গতকাল বাদ জুমা চরমোনাই মাদরাসার তিন বর্গকিলোমিটার এলাকায় দু’টি মাঠজুড়ে আয়োজিত এ মাহফিলের উদ্বোধনী অধিবেশনে চরমোনাই পীর বলেন, চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি; বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া এবং মানুষকে আল্লাহমুখী করাই এ মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। কেউ এমন উদ্দেশ্য নিয়ে এসে থাকলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তিনি বলেন, যারা চরমোনাই মাহফিলে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল অন্তর থেকে দূর করে আখেরাতের চিন্তা অন্তরে ধারণ করুন। দিল থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে। তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বগণ বয়ান পেশ করবেন। মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে আমিরুল মুজাহিদিন মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পাঁচটি এবং নায়েবে আমিরুল মুজাহিদিন মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) দু’টি বয়ান পেশ করবেন।
এ ছাড়া মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ৩০ নভেম্বর ভোরে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মাহফিলের কার্যক্রম শেষ হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









