হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু
ads

  নয়া দিগন্ত ডেস্ক 

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন। 
গত শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন করে এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। 
স্বাস্থ্য অধিদফতরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৬ জন। বাকি এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। 
গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬২ হাজার ৮০৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরো ৭৮ জন। ফলে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৫৫৪ জন। 
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন। 
সিলেটে হামে আরো ৩ শিশুর মৃত্যু 
# শনাক্ত ১৯০০ ছাড়াল
সিলেট ব্যুরো জানায়, সিলেটে এক দিনের ব্যবধানে হামে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই দিনে ছয় শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সিলেটে তিন শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন ৩১ জন এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৭০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন। 
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম। 
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৯ মাস বয়সী শিশু আবিদুর রহমান সিলেটের জৈন্তাপুর, পাঁচ মাস বয়সী সাইম সুনামগঞ্জের তাহিরপুর ও এক বছর বয়সী তানহা সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৯২১ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৯৫, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯৬৮ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৭০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৫, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১,, নর্থ ইস্ট মেডিক্যালে ৫, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন হাম রোগী ভর্তি হয়েছেন। 
বর্তমানে চিকিৎসাধীন ৫১৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯১, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯০, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০, পার্কভিউ মেডিক্যালে ২২, নর্থ ইস্ট মেডিক্যালে ১৩, মাউন্ট এডোরা হাসপাতালে ৪, ওয়েসিস হসপিটালে ১, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৮ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ১০৩, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে ১০৭, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে। 
আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু ও ৪০ জন নতুন শনাক্ত হন। উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৬৩ জন।